যাকাত নিয়ে ‘বিতর্কিত মন্তব্য’—বিএনপি নেত্রীর বিরুদ্ধে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদযাকাতকে হেয় করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।শনিবার (২ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি যাকাতের মতো ইসলামের একটি পবিত্র ফরজ বিধানকে তুচ্ছতাচ্ছিল্যের সাথে উপস্থাপন করেছেন। তিনি চাঁদাবাজি নির্মূলের পরিবর্তে উল্টো সেটিকে যাকাতের চেয়ে উত্তম হিসেবে উল্লেখ করেছেন বলে অভিযোগ করা হয়, যা কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।ছাত্রশিবির নেতারা বলেন, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং এটি সমাজের দরিদ্র জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার পাশাপাশি বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, চাঁদাবাজি একটি অপরাধমূলক কর্মকাণ্ড, যা জুলুম ও অন্যায়ের শামিল। এ দুইয়ের তুলনা করাকে তারা ‘চরম অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন।বিবৃতিতে ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নেতারা বলেন, জনগণের প্রত্যাশা ছিল দেশ চাঁদাবাজি ও জুলুম থেকে মুক্ত হবে। কিন্তু বাস্তবে আগের মতোই এসব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে, শুধু নিয়ন্ত্রণের হাতবদল হয়েছে বলে তারা অভিযোগ করেন।নেতারা আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের উচ্চপর্যায় থেকে যদি এ ধরনের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, তবে তা দেশের জনগণের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে এবং চাঁদাবাজিকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করার ঝুঁকি তৈরি করে।বিবৃতিতে নিলোফার চৌধুরী মনিকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে বিষয়টি পরিষ্কার করার এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।ছাত্রশিবির নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দেশের প্রচলিত আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া দণ্ডনীয় অপরাধ।