মালয়েশিয়ায় প্রবাসীদের সমস্যা শুনলেন জামায়াতের সেক্রেটারি জেনারেলমালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন মিয়া গোলাম পরওয়ার। রোববার কুয়ালালামপুরের আল দাউদ অ্যারাবিক রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।সভায় শুরুতে মিয়া গোলাম পরওয়ার প্রবাসীদের মৌলিক সমস্যার বিষয়ে জানতে চাইলে উপস্থিত বক্তারা বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল)-এর পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায়, বিদেশে কর্মসংস্থানে অতিরিক্ত ব্যয়, ভোট কারচুপি, ব্যাংকিং জটিলতা, অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ, বিমানবন্দরে হয়রানি এবং নানা প্রশাসনিক দুর্ভোগের বিষয় তুলে ধরেন।প্রবাসীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব অনিয়ম, দুর্নীতি ও হয়রানির প্রতিবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো বিরোধীদলের পক্ষ থেকে সংসদে জোরালোভাবে উপস্থাপন করা হবে। একই সঙ্গে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চাপ প্রয়োগ করা হবে, যাতে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ কমে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়।তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সম্মান, নিরাপত্তা ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।সভায় বক্তব্য দেন মালয়েশিয়ান প্রবাসী কমিউনিটি নেতা আবু আব্দুল্লাহ। তিনি বলেন, প্রবাস জীবনে আল্লাহর দাসত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হালাল উপার্জনের পথে চলতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে যা হারাম, মালয়েশিয়াতেও তা হারাম। তাই কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, প্রবাসী নেতা মাহবুবুর রহমান ও আবুল হাসান জারজিসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।