স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি নাসির উদ্দিনঢাকা, ১৮ মে — আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সিইসি বলেন, স্থানীয় নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিতে শুরু করেছে, যা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করতে পারে। তিনি বলেন, একটি ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি।তিনি আরও বলেন, শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।অতীতে স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক আলোচনা ও সহনশীলতার মাধ্যমে রক্তপাতহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন এককভাবে নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম ও ভোটারসহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।