পদ্মার পর তিস্তা ব্যারাজেও উদ্যোগ নেবে বিএনপি: প্রধানমন্ত্রী তারেক রহমানটঙ্গী প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। গত দুই দশকে যে পরিমাণ পানি ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়েছে, তা আগামী ২০ বছরেও পুরোপুরি পুনরায় পূরণ হওয়ার সম্ভাবনা নেই। তাই ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে নদী-খাল খননের মাধ্যমে পানির উৎস সংরক্ষণে গুরুত্ব দিতে হবে।বুধবার (২০ মে) টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পেও বিএনপি সরকার উদ্যোগ নেবে। তিনি জানান, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যৎ পানিসংকট মোকাবিলা করতে হবে।তিনি আরও বলেন, খাল ও নদী খনন শুধু কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য নয়, দুর্যোগ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষিজমি কমে যাওয়া এবং বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, মন্ত্রণালয়ের সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালক।অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। পরে তিনি পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।