সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ শ্রমিকের, ব্রাহ্মণবাড়িয়ায় শোকের মাতমব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে নেমে চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন— আরমান মিয়া (১৪), ইমাম হোসেন (১৫), হৃদয় মিয়া (১৫) ও মেহেদী হাসান (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গলানিয়া গ্রামের আলী মিয়ার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকির পাইপ ফিটিংয়ের কাজ করতে একে একে ট্যাংকের ভেতরে নামেন চার শ্রমিক। কিছু সময় পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক ও স্থানীয়দের সন্দেহ হলে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে একে একে চারজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের সেপটিক ট্যাংকের ভেতরে নামানো হয়েছিল। তারা এ ঘটনার জন্য বাড়ির মালিক আলী মিয়াকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত মিথেন গ্যাস ও অক্সিজেনের স্বল্পতার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক আলী মিয়া পলাতক রয়েছেন।