২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,৬৩১দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত তিন শিশু এবং উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৩১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দেশে মোট ৫৯ হাজার ২৭৯ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। ফলে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৭৫ জনে।এদিকে একই সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ জন। বাকিরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৪০৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্তদের মধ্যে মারা গেছে আরও ৮৩ জন। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।