ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে তিনি নিজ হাতে মাটি কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।জানা গেছে, প্রায় ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন। দীর্ঘদিন পর পুনরায় খালটি খননের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা গেছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়, খাল পুনঃখনন কর্মসূচি বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকারের অংশ। সেচব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেন।এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। যদিও জাতীয়ভাবে নজরুলজয়ন্তী পালিত হবে আগামী সোমবার (২৫ মে), তবে ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে পরিবর্তন আনা হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন এবং বক্তব্য দেবেন। অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকা আলোকসজ্জা ও নান্দনিক সাজে সাজানো হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছেন। একই সঙ্গে স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নিচ্ছে।সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।