মরিনহোর হাত ধরে নতুন যুগে রিয়াল মাদ্রিদ, দায়িত্ব নিচ্ছেন তিন বছরের চুক্তিতে
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ৩০ মে ২০২৬, সকাল ৯:৫৪ সময়
মরিনহোর হাত ধরে নতুন যুগে রিয়াল মাদ্রিদ, দায়িত্ব নিচ্ছেন তিন বছরের চুক্তিতেট্রফিশূন্য মৌসুমের হতাশা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় হোসে মরিনহোর ওপরই ভরসা রাখছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটির প্রধান কোচ হিসেবে তিন বছরের চুক্তিতে সম্মত হয়েছেন পর্তুগিজ এই অভিজ্ঞ কোচ।তবে এখনই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য সভাপতির নির্বাচন শেষ হওয়ার পর মরিনহোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে।২০২৫–২৬ মৌসুমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। জানুয়ারিতে জাবি আলোনসোর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন আলভারো আরবেলোয়া। তবে তার অধীনেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। লা লিগার শিরোপা হাতছাড়া করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় দলটি।বিশেষ করে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ২–০ গোলের হার এবং বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৬–৪ ব্যবধানে পরাজয় রিয়ালের ব্যর্থতার প্রতীক হয়ে ওঠে।এমন অবস্থায় দলের হারানো সাফল্য ও জয়ী মানসিকতা ফিরিয়ে আনতেই মরিনহোর ওপর আস্থা রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বরে পর্তুগিজ ক্লাব বেনফিকার দায়িত্ব নেওয়া মরিনহো দলটিকে লিগে তৃতীয় স্থানে রেখেই স্পেনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।Real Madrid–এর সঙ্গে মরিনহোর সম্পর্ক আগে থেকেই আলোচিত। তার প্রথম মেয়াদে ক্লাবটি ঘরোয়া ও ইউরোপীয় ফুটবলে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল। এবারও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাফল্যের পথে ফেরানোর প্রত্যাশা করছে ‘লস ব্লাঙ্কোস’ শিবির।চেলসি, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে সাফল্য পাওয়া এই কোচের সম্ভাব্য প্রত্যাবর্তন ইউরোপিয়ান ফুটবলে নতুন উত্তেজনা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে বার্সেলোনার সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বিতায় মরিনহোর ফেরাটা নতুন মাত্রা যোগ করতে পারে।