শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগে পুত্রবধূসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ২পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগে পুত্রবধূ, তার কথিত প্রেমিক ও আত্মীয়সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।নিহত নমিতা রানী পাল (৬০) ওই এলাকার বাসিন্দা রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী।শুক্রবার রাতে নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল জিয়ানগর থানায় মামলাটি করেন। মামলায় পুত্রবধূ বন্যা রানী পাল (৩২), কথিত প্রেমিক কামাল পঞ্চায়েত (৫৫), তাপস দেবনাথ (৪৪) এবং আরও দুই অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।পুলিশ জানায়, ঘটনাটির পর বন্যা রানী পাল ও তাপস দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, পুত্রবধূ বন্যা রানী পাল দীর্ঘদিন ধরে একই এলাকার কামাল পঞ্চায়েতের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িত ছিলেন বলে পরিবারের অভিযোগ। বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।নিহতের স্বজনদের দাবি, মরদেহে নখের আঁচড়, গলায় আঘাতের চিহ্ন এবং হাতের শাখা ভাঙা অবস্থায় পাওয়া যায়। এছাড়া ঘরের দেয়ালে রক্তের দাগও দেখা গেছে। তাদের ধারণা, শ্বাসরোধে হত্যা করা হয়েছে।নিহতের মেয়ে রঞ্জিতা অভিযোগ করে বলেন, পরকীয়ার বিষয়টি জানাজানি হওয়ায় তার মাকে হত্যা করা হয়েছে।নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে ঘরের সিটকানি খোলা অবস্থায় দেখতে পান এবং ভেতরে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় অভিযুক্ত কামাল পঞ্চায়েত পালিয়ে যায় বলেও তিনি দাবি করেন।এদিকে অভিযুক্ত বন্যা রানী পালের ফুফা তাপস দেবনাথ ঘটনার সময় ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের সন্দেহ, হত্যাকাণ্ডে তিনিও জড়িত থাকতে পারেন।জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান বলেন, ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।