মন্ত্রীর বাসভবনে ঈদের আনন্দে মাতল সুবিধাবঞ্চিত শিশুরাসমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন-এর সরকারি বাসভবনে অনুষ্ঠিত ব্যতিক্রমী এক ঈদ আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এনে দেয় আনন্দ ও উচ্ছ্বাসের বিশেষ মুহূর্ত। ঈদ-পরবর্তী এই আয়োজনে অংশ নিয়ে শিশুরা মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এবং উৎসবমুখর পরিবেশে আনন্দঘন সময় কাটায়।রোববার রাজধানীর বেইলি রোডে অবস্থিত মন্ত্রীর সরকারি বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশ নেয়।অনুষ্ঠানে শিশুরা মুক্ত পরিবেশে খেলাধুলা ও আনন্দ-উল্লাসে মেতে ওঠে। তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করে এবং নিজেদের নানা অভিজ্ঞতা ও ঈদের গল্প শোনায়। মন্ত্রীও শিশুদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।আয়োজনে শিশুদের জন্য মৌসুমি ফলসহ নানা ধরনের খাবারের ব্যবস্থা করা হয়। মন্ত্রী নিজ হাতে শিশুদের আপ্যায়ন করেন, যা তাদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা।অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুরা জানায়, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সরকারি বাসভবনে এসে মন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও স্নেহময় আপ্যায়ন পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।এ সময় সমাজকল্যাণমন্ত্রী বলেন, “ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের কল্যাণ, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক ও অনাথ শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন অব্যাহত থাকবে।অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।