পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক খাদে, নিহত ২২; অধিকাংশ নারী-শিশু।কাবুল, ১ জুন: পাকিস্তান থেকে নিজ দেশে ফিরছিলেন আফগান শরণার্থীরা। কিন্তু পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। শরণার্থী বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে অন্তত ২২ জন নিহত এবং আরও ৩৬ জন আহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।শনিবার (৩১ মে) পূর্ব আফগানিস্তানের লাগমান প্রদেশে কাবুল ও নানগারহারকে সংযুক্তকারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই জানান, নিহতদের মধ্যে ১০ শিশু ও ৫ নারী রয়েছেন। আহতদের নানগারহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক আমিনুল্লাহ শরিফ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।পুলিশের তথ্য অনুযায়ী, কাবুলগামী ট্রাকটি কারঘাই জেলার সুরখাকান এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বহন এবং দুর্বল সড়ক অবকাঠামো সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম।সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও ইরান থেকে লাখ লাখ আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। তাদের অনেকেই পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন এবং দীর্ঘ সময় সেখানে বসবাস ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিলেন।এদিকে, শুক্রবার রাতে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশেও আরেকটি দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে গেলে চালক আহত হন এবং চার যাত্রী নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীরা তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে।আফগানিস্তানে জরাজীর্ণ সড়ক, পাহাড়ি দুর্গম পথ এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।সূত্র: রয়টার্স, এনডিটিভি