ওয়াশিংটন: বাংলাদেশসহ ৬০টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের প্রকাশিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, পাকিস্তান, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ ১৫টি অর্থনীতি থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) জানিয়েছে, সেকশন ৩০১ তদন্তের আওতায় থাকা বাকি ৪৫টি দেশের ক্ষেত্রে অতিরিক্ত শুল্কের হার প্রস্তাব করা হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।ইউএসটিআরের দাবি, সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য রোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যা মার্কিন শ্রমিক ও উৎপাদকদের জন্য বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা কঠিন করে তুলছে।এদিকে, নির্দিষ্ট পরিমাণ বস্ত্র ও পোশাকপণ্য কম শুল্কে আমদানির সুযোগ রেখে নতুন একটি টেক্সটাইল আমদানি ব্যবস্থা চালুর প্রস্তাবও দিয়েছে সংস্থাটি। প্রস্তাবিত শুল্ক ব্যবস্থার বিষয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে এবং ৭ জুলাই গণশুনানি অনুষ্ঠিত হবে।