জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে কোনো ধরনের ভারতীয় ‘পুশইন’ মেনে নেওয়া হবে না। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ ও এসব ঘটনার আন্তর্জাতিক বিচার দাবি করেছেন তিনি।বুধবার দুপুরে যশোরের বেনাপোল উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। “কে বিএনপি, কে জামায়াত—এটা দেখার প্রয়োজন নেই। আমরা সবাই বাংলাদেশি, দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে,” বলেন তিনি।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর বিরুদ্ধে সীমান্তে পুশইনের চেষ্টা ও বাংলাদেশি নাগরিকদের হত্যার অভিযোগ তুলে তিনি এসব ঘটনার বিচার দাবি করেন। তার মতে, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও বিচার ছাড়া তাকে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।সীমান্ত এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সীমান্ত অঞ্চলে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় স্থানীয় মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে।এ সময় সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে আরও আধুনিক ও শক্তিশালী করার দাবি জানান তিনি। বিজিবির জন্য আধুনিক সরঞ্জাম, যানবাহন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বানও জানান।সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাগুলো আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।