‘দুই বছরে দাম না বাড়ানোর কথা, তিন মাসেই বিদ্যুতের মূল্যবৃদ্ধি’— সরকারের সমালোচনায় গোলাম পরওয়ার
মোঃ জাকির হোসাইন, সম্পাদক||
প্রকাশিত: ৪ জুন ২০২৬, দুপুর ১২:৫৭ সময়
বিদ্যুতের দাম না বাড়ানোর সরকারি প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দুই বছর বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে না বলে ঘোষণা দেওয়া হলেও মাত্র তিন মাসের ব্যবধানে সরকার নতুন করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, “বর্তমান সরকারের বিদ্যুৎমন্ত্রী বলেছিলেন আগামী দুই বছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই সরকার সেই অবস্থান থেকে সরে এসে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। এটি জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতির ব্যত্যয়।”তিনি আরও বলেন, “সরকার জনগণের রায় ও প্রত্যাশার কথা বললেও বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না। জনগণের স্বার্থের পরিবর্তে তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে।”দুর্নীতিকে বিদ্যুৎ খাতের অন্যতম সংকট হিসেবে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, “বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে সরকার দুর্নীতি ও অপচয় বন্ধে কার্যকর পদক্ষেপ নিক।”সমাবেশে বক্তারা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।