দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে তিনি দুই নেতার সরাসরি বৈঠকের প্রস্তাব দেওয়ার পাশাপাশি আলোচনা চলাকালে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (৪ জুন) ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই খোলা চিঠিতে জেলেনস্কি বলেন, ইউক্রেন এই যুদ্ধের অবসান চায় এবং তা সম্ভব হতে পারে মস্কো ও কিয়েভের মধ্যে সরাসরি সংলাপের মাধ্যমে।চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘ইউরোপের এই যুদ্ধ আবার কবে যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে আসবে, সেই অপেক্ষায় থাকা ভুল হবে। ইউক্রেন আমাদের দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের প্রস্তাব দিচ্ছে। আমি একটি বৈঠকের আহ্বান জানাচ্ছি।’জেলেনস্কি আলোচনার পুরো সময়জুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবও দেন। তবে এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ দুই নেতা যদি সরাসরি বৈঠকে বসেন, তবে সেটি শান্তি প্রতিষ্ঠার পথে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হবে।অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে যে তারা জেলেনস্কির পাঠানো চিঠি পেয়েছে এবং বিষয়টি প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করা হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, জেলেনস্কি চাইলে মস্কোতে এসে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে তিনি বলেন, চিঠিটি তখনও আনুষ্ঠানিকভাবে পুতিনের কাছে উপস্থাপন করা হয়নি।এদিকে পুতিনও ইঙ্গিত দিয়েছেন যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে কিছু বিষয়ে ছাড় দেওয়ার বিষয়ে রাশিয়া বিবেচনা করতে পারে। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মস্কোকে কিছু নমনীয়তা দেখানোর আহ্বান জানিয়েছেন। ইউক্রেনও একই ধরনের ইতিবাচক অবস্থান নিলে সমঝোতার পথ আরও সহজ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।সূত্র: উইয়ন নিউজ, বিবিসি।