ফেরিতে তোলার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা কার্যকরভাবে অনুসরণ করায় দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে গেলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি কবরী-তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির প্রবেশপথ অতিক্রম করে বিপরীত পাশের র্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার প্রচলিত নিরাপত্তা বিধান অনুসরণ করায় বাসটিতে থাকা সব যাত্রী নিরাপদে ছিলেন। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও কেউ হতাহত হননি।দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বাসটির চালক ও তাঁর সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধার অভিযানে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।এ ঘটনায় ফেরিঘাটে নিরাপত্তা বিধি মেনে চলার গুরুত্ব আবারও সামনে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া, নির্ধারিত পথ ব্যবহার এবং দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।