সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চালককে মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া একটি অটোমিশু গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৫ জুন) দুপুরে রায়গঞ্জ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বীজ এলাকা থেকে পাঙ্গাশী গ্রামের বাসিন্দা রাসেল সেখ (৩৫) তাঁর অটোমিশু গাড়িতে কয়েকজন যাত্রী তোলেন। পরে তারা রিজার্ভ ভাড়ায় কৃষ্ণদিয়া বাজার, বারইভাগ ও জানকীগাতীসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে।একপর্যায়ে যাত্রীদের আচরণে সন্দেহ হলে রাসেল সেখ তাদের কাছে ভাড়া পরিশোধ করে গাড়ি থেকে নেমে যেতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাঁকে মারধর করে এবং ধারালো অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক অটোমিশু গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঘটনার পরদিন ভুক্তভোগী রাসেল সেখ বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খানের তত্ত্বাবধানে এবং থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার পাঙ্গাসী এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—পাঙ্গাশী গ্রামের আবু রায়হান (৩৫) ও রিপন ফকির (৩৬), নওদা শালুয়া গ্রামের নাজমুল সেখ (৩৪) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙ্গাবাড়ী গ্রামের আলী (১৯)।ওসি মো. আহসানুজ্জামান জানান, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ছিনতাই হওয়া অটোমিশু গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।