ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে নির্ধারিত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন (রবিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশনকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন এবং পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রয়োজন।এ প্রেক্ষাপটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-১৯৭৬ এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।নিষিদ্ধ ঘোষিত এলাকার মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও সংলগ্ন সার্ক ফোয়ারা, পান্থপথ-গ্রীন রোড-ফার্মগেট এলাকা, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, বিজয় সরণি ও বেগম রোকেয়া সরণির গুরুত্বপূর্ণ অংশ, ইন্দিরা রোড থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর অভ্যন্তরীণ সব সড়ক ও গলিপথ।ডিএমপি জানিয়েছে, অধিবেশন চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে এ আদেশ কঠোরভাবে কার্যকর থাকবে।