ধান মাড়াই মেশিনের বিদ্যুৎ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ৬ জুন ২০২৬, সকাল ৯:৩৪ সময়
সিরাজগঞ্জের কামারখন্দে ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলী আশরাফ (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধোপাকান্দি গ্রামে নিজ বাড়ির আঙিনায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলী আশরাফ ওই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে নিজের বাড়ির আঙিনায় ধান মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন আলী আশরাফ। এসময় ধান মাড়াই মেশিনে বিদ্যুতের লাইন সংযুক্ত করতে গিয়ে তিনি অসাবধানতাবশত তারের সাথে জড়িয়ে পড়েন এবং প্রচণ্ডভাবে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।সিরাজগঞ্জের খোকন মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আলী আশরাফের মৃত্যু হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে ঘটনাস্থলেই তাঁর প্রাণ চলে যায় বলে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের সাথে কথা বলেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ধান কাটার এই মৌসুমে অসাবধানতাবশত এমন আকস্মিক মৃত্যুতে পুরো ধোপাকান্দি গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।