তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে আগামী ৯ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মস্কো সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন খলিলুর রহমান। ওই বৈঠকে ঢাকা–মস্কো সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। বর্তমান সরকারের অধীনে এটি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার প্রথম রাশিয়া সফর।এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ৭ থেকে ৯ জুন অনুষ্ঠিত এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বলেও জানানো হয়।বিবৃতিতে আরও বলা হয়েছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানকে অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়ে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেছে, বহুপাক্ষিক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ মোকাবিলায় তার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।