আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে নিজেদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও নীতিগত প্রস্তাবনা তুলে ধরতে ‘ছায়া বাজেট’ প্রকাশ করতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ছায়া বাজেট উপস্থাপন করা হবে।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।দলীয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত জাতীয় বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণের পাশাপাশি অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, রাজস্ব ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক খাত নিয়ে জামায়াতের বিকল্প নীতিমালা ও সুপারিশ এই ছায়া বাজেটে তুলে ধরা হবে।এর আগে গত শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন জোট ‘১১ দলীয় ঐক্য’র শরিক এনসিপিও একটি ছায়া বাজেট প্রকাশ করে। ওই প্রস্তাবে দেশের অর্থনীতিকে ১২টি খাতে বিভক্ত করে মোট ৭১টি সুপারিশ তুলে ধরা হয়।রাজনৈতিক অঙ্গনে জাতীয় বাজেট নিয়ে বিভিন্ন দলের বিকল্প প্রস্তাবনা উপস্থাপনের ধারাবাহিকতায় জামায়াতের এ উদ্যোগও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।