বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের নামে দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এ ধরনের কোনো কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদিত নয় বলে স্পষ্ট করেছে বিএনপি মিডিয়া সেল।রোববার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেল জানায়, সম্প্রতি কয়েকটি জেলায় ‘বিএনপি মিডিয়া সেল’ পরিচয়ে বিভিন্ন কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। তবে কেন্দ্রীয় মিডিয়া সেল জেলা বা মহানগর পর্যায়ে এ ধরনের কোনো কমিটি গঠন করেনি।বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা নিজেদের কেন্দ্রীয় মিডিয়া সেলের অনুমোদিত প্রতিনিধি বা কমিটির সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পর্ক নেই। এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, অননুমোদিত এবং বিভ্রান্তিকর।দলটির পক্ষ থেকে আরও বলা হয়, অনুমোদন ছাড়া মিডিয়া সেলের নামে কমিটি গঠন বা প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।এ পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং গণমাধ্যমকর্মীদের ভুয়া কমিটি ও বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মিডিয়া সেলের অনুমোদন ছাড়া কোনো কমিটি, তালিকা বা পরিচয়পত্রকে বৈধ হিসেবে গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।