নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা দিতে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণদের জন্য কোনো সুদমুক্ত ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে।তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতের ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে।এই তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। এছাড়া প্রয়োজনীয় জামানত প্রদান সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে।স্টার্টআপ উদ্যোক্তাদের জন্যও বিশেষ সহায়তার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার আরেকটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ দেশের তরুণ ও নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডে উৎসাহিত করবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।