সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।আসিফ মাহমুদ বলেন, সিটি করপোরেশনের প্রশাসকদের পদে থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, প্রশাসকরা সরকারি দায়িত্বে থেকে নির্বাচনী সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।তিনি আরও অভিযোগ করেন, নগরজুড়ে বিপুল পরিমাণ পোস্টার লাগিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছে। আবাসিক এলাকা ছাড়াও বিভিন্ন মেট্রোরেল স্টেশনের আশপাশে গরুর হাট বসানোর সমালোচনা করে তিনি বলেন, এসব অব্যবস্থাপনা নগর পরিচালনায় সংশ্লিষ্টদের অযোগ্যতার পরিচয় বহন করে।সাবেক এই উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল-সমাবেশের খবর পাওয়া যাচ্ছে। অথচ দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ পরিস্থিতিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।তিনি দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের প্রকাশ্য কার্যক্রম পরিচালনা রাষ্ট্রের আইন প্রয়োগ ও নজরদারির দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।অনুষ্ঠানে এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।