জাতিসংঘের পতাকা তলে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও দায়িত্বশীলতা প্রমাণ করে যে তারা শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নয়, বরং জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও সমানভাবে বদ্ধপরিকর। তাদের পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।তিনি উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বাধিক সদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, বেসামরিক জনগণের সুরক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ ও দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তাদের সাফল্য নারী ক্ষমতায়ন এবং দেশের সামাজিক অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ।এর আগে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের সুনাম অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালনে নিয়োজিত সকল শান্তিরক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।