সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে ইতালি প্রবাসী তরুণ লেখক মাওলানা শামীম আহমদ রচিত ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের পরিচিতি ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।বুধবার (১০ জুন) বিকেলে ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সদস্য-সচিব মো. খালেদ মিয়ার উপস্থিতিতে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সুধীজন অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা এবং সামাজিক দায়িত্ববোধের সংকট উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা বলেন, সচেতনতামূলক গ্রন্থ ও সাহিত্য মানুষের চিন্তা-চেতনার বিকাশ ঘটানোর পাশাপাশি সমাজ পরিবর্তনের কার্যকর হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বক্তারা আরও বলেন, একজন লেখকের সৃজনশীল চিন্তা ও লেখনী সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাতে পারে। একইভাবে গণমাধ্যম সমাজের অসঙ্গতি তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি এবং মূল্যবোধনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।অনুষ্ঠানে গ্রন্থের লেখক মাওলানা শামীম আহমদ তাঁর বই রচনার পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “একটি আদর্শ, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ নিশ্চিত করা সম্ভব।”তিনি আরও বলেন, গ্রন্থটিতে সমাজের বিভিন্ন অসঙ্গতি, নাগরিক দায়িত্ববোধ এবং ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বইটি পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে গ্রন্থটির কপি বিতরণ করা হয়। এ সময় বইটি নিয়ে সাংবাদিকদের ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সমাজ উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে লেখালেখি ও গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।