দেশের সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। পাশাপাশি সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা থাকলে তা ইতিবাচকভাবে গ্রহণ করা হবে।বুধবার জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব ও উন্নয়ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মতো নারী সংসদ সদস্যদেরও উন্নয়ন কর্মকাণ্ডে কাজ করার সুযোগ ও অধিকার রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়নের ক্ষেত্রে আমরা সরকারি বিধি-বিধান অনুসরণ করে এগোচ্ছি। কোনো এলাকার উন্নয়নে আমার সহযোগিতার প্রয়োজন হলে জানালে যথাসাধ্য সহযোগিতা করা হবে।”পরে সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকারের সম-উন্নয়ন নীতির কথা তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি স্পিকারের নেতৃত্বে অনুষ্ঠিত সংসদ-সংশ্লিষ্ট একটি বৈঠকে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন যে, ঈদের আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিছু সহায়তা বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য পাননি।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বৈঠক শেষ করেই আমি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছি, কোনো বিরোধী দলের সংসদ সদস্য বঞ্চিত হয়ে থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।”তিনি আরও বলেন, “বর্তমান সরকার দেশের সম-উন্নয়নে বিশ্বাস করে। সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সবার জন্য সমানভাবে কাজ করতে চাই।”সরকারি উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার বন্ধে বিরোধী দলের সঙ্গে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিষয়টি পর্যবেক্ষণের জন্য আরও কিছু সময় প্রয়োজন।”এ সময় প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার জনগণের ভোটে নির্বাচিত, গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কাছে জবাবদিহিমূলক। তাই কোনো গঠনমূলক সমালোচনা এলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।