ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ১১ জুন ২০২৬, দুপুর ১:৩২ সময়
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আলোচিত ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পাঠানো কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান।এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি সতর্ক করে বলেছিলেন, শোকজ নোটিশের সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়।একই সঙ্গে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে প্রতিষ্ঠানের মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পাঠানো ওই নোটিশে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত জবাব দেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল।তদন্ত কার্যক্রম ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা পর্যালোচনা শেষে স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।এ ঘটনায় স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। :::