কক্সবাজারের পেকুয়ায় জুলাই আন্দোলনের শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার মুরারপাড়ায় শহিদ ওয়াসিমের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।সফরকালে প্রধানমন্ত্রী শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং রাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এ সময় প্রধানমন্ত্রী শহিদ ওয়াসিমের পিতা শফিউল আলম ও মাতা জোসনা আক্তারের হাতে সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় তাদের পাশে থাকবে।প্রধানমন্ত্রীর সফরে তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মেহেরনামা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা শহিদ পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান ও সহমর্মিতাকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।উল্লেখ্য, জুলাই আন্দোলনে শহিদ হওয়া ওয়াসিমের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁর পরিবারের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর এ সফরে শহিদ পরিবারের প্রতি রাষ্ট্রের সহমর্মিতা ও সহযোগিতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরা হয়েছে।