লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারানো সোহেলের পরিবারকে ৫ লাখ টাকার সহায়তা
মোঃ আল আমিন হোসেন, বার্তা সম্পাদক||
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, দুপুর ১১:৪০ সময়
ঢাকার সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেলের পরিবারের হাতে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ড।শনিবার (১৩ জুন) সকালে মেহেন্দিগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত সোহেলের পরিবারের সদস্যদের হাতে এ চেক হস্তান্তর করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।অনুষ্ঠানে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে নিজ গ্রামে ফেরার পথে ঢাকার সদরঘাট এলাকায় সংঘটিত এক লঞ্চ দুর্ঘটনায় সোহেল নিহত হন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি মানবিক সহায়তার অংশ হিসেবে বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।চেক হস্তান্তর অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “স্বজন হারানোর বেদনা কোনো আর্থিক সহায়তায় পূরণ হওয়ার নয়। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সরকারের সহমর্মিতা প্রকাশ এবং তাদের আর্থিক কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে।”এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।