বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (সিএআরএস)-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের খ্যাতিমান পদার্থবিজ্ঞানী, শিক্ষক, গবেষক এবং সোসাইটির বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। এতে নবনির্বাচিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং বিদায়ী সভাপতি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ শওকত আকবর উপস্থিত ছিলেন।এছাড়া অনুষ্ঠানে অধ্যাপক ড. এ. কে. এম. আক্তার হোসেন, অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম, অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার, ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান, অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, ড. আবু জাফর জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক ড. ইশতিয়াক এম. সৈয়দ এবং ড. এ. কে. এম. জাকারিয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ড. মোহাম্মদ শওকত আকবর এবং বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ বিগত মেয়াদের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। একইসঙ্গে তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সোসাইটির অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।বক্তারা বলেন, দেশের পদার্থবিজ্ঞান শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রসারে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিদায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও তাদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দেশের পদার্থবিজ্ঞান গবেষণা ও বৈজ্ঞানিক উৎকর্ষ সাধনে সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করা, জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং পদার্থবিজ্ঞানের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।