আওয়ামী লীগের আমলের চেয়েও বর্তমান সরকার রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অধিক মাত্রায় দলীয়করণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা'ছুম বলেছেন, জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসনিক কাঠামোকে দলীয়করণের মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে।শনিবার রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোন ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা মা'ছুম অভিযোগ করেন, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারদলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানের পর এবার ব্যাংক ও বীমা খাতেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।তিনি বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ব্যাংকিং খাতে জনগণের আমানত সুরক্ষার বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনের পর জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসার কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি, দখল ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন।তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সরকারের কঠোর অবস্থান দৃশ্যমান হলেও সীমান্ত হত্যা ও পুশইন ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভূমিকা যথেষ্ট সক্রিয় নয়। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, শহীদ পরিবারের প্রতি দায়িত্ব পালনে সংগঠনের নেতাকর্মীদের আরও আন্তরিক হতে হবে। তিনি জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলের আপসহীন ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।চকবাজার-বংশাল জোন পরিচালক দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তিনি প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়েও সমালোচনা করেন। তার মতে, বাজেট ঘাটতি মেটাতে বেসরকারি ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে বেসরকারি বিনিয়োগ ও নতুন শিল্প উদ্যোগ ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি অর্থনীতির স্বার্থে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানান।সম্মেলনে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।