বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।সাক্ষাতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন ও অ্যানা পিটারসন।অন্যদিকে, বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি মারজিয়া আক্তার, এমপি মারদিয়া মমতাজ এবং উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।বৈঠকে আসন্ন অস্ট্রেলিয়া সফর, সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ, এবং নির্বাচনের পর গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও মতবিনিময় হয়।বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।আলোচনার এক পর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার বাংলাদেশের সংসদীয় কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন বলে জানা গেছে।