সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বন্ধ বা ভেঙে ফেলা মেয়াদি ও সঞ্চয়ভিত্তিক আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে এসব হিসাবে পূর্বের সকল সুবিধা ও শর্ত বহাল থাকবে।ব্যাংক সূত্র জানায়, ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে যেসব গ্রাহক মুদারাবা টার্ম ডিপোজিট (এমটিডিআর), মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (এমএমপিডিএস), মুদারাবা স্পেশাল সেভিংস স্কিম (এমএসএস) এবং মুদারাবা সেভিংস বন্ড (এমএসবি) হিসাব বন্ধ বা ভেঙেছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে আবেদন করলে সেসব হিসাব পুনরায় সচল করা যাবে।নির্দেশনায় আরও বলা হয়, পুনরায় চালুর ক্ষেত্রে হিসাব খোলার সময়কার মুনাফাসহ অন্যান্য সব সুবিধা আগের মতোই বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকের সব জোন, শাখা ও উপশাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া বন্ধ হওয়া হিসাবের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।ব্যাংকটির কর্মকর্তারা মনে করছেন, সাম্প্রতিক সময়ে অনিশ্চয়তা ও আতঙ্কের কারণে অনেক গ্রাহক আমানত উত্তোলন বা হিসাব বন্ধ করেছিলেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যাংকে তারল্য প্রবাহ বাড়বে।উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির বিভিন্ন শাখায় অস্থিরতা তৈরি হয়। এরপর কয়েক কর্মদিবসে বিপুল পরিমাণ আমানত উত্তোলনের ঘটনাও ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।