রোনালদোর বিশ্বজয় মিশন শুরু, কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ইতিহাসের প্রথম লড়াই
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, বিকাল ৫:৩৮ সময়
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল পর্তুগাল। বুধবার (বাংলাদেশ সময় রাত ১১টা) যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে গ্রুপ ‘কে’-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকার প্রতিনিধি ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)।আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ডিআর কঙ্গো। ফলে ম্যাচটি শুধু বিশ্বকাপের লড়াই নয়, দুই দলের জন্যই নতুন এক অধ্যায়ের সূচনা।ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে ম্যাচটির পরিষ্কার ফেবারিট ধরা হচ্ছে। অভিজ্ঞ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই মাঠে নামছে রবার্তো মার্টিনেজের দল। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা রোনালদোকে বিশ্বকাপ ট্রফি উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ সতীর্থরা। একই সঙ্গে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত পর্তুগিজ ফুটবলার ডিয়েগো জোটার স্মৃতিও দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।তারকায় ঠাসা স্কোয়াড নিয়ে এবারের বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচিত হচ্ছে পর্তুগাল। তবে বিশ্বকাপে তাদের সাফল্যের ইতিহাস খুব সমৃদ্ধ নয়। ১৯৬৬ সালে তৃতীয় স্থান অর্জনই এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য। এছাড়া ২০০৬ সালে চতুর্থ হলেও সর্বশেষ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।সাম্প্রতিক ফর্মও আত্মবিশ্বাসী করে তুলছে পর্তুগিজদের। বিশ্বকাপ বাছাইপর্বে আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করার পাশাপাশি প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্র, চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে টানা জয় পেয়েছে তারা। যদিও গত নভেম্বরে রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে হার তাদের রক্ষণভাগ নিয়ে কিছু প্রশ্নও তৈরি করেছে।অন্যদিকে ডিআর কঙ্গোর জন্য এটি স্বপ্নপূরণের মঞ্চ। দীর্ঘ ৫২ বছর পর তারা আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফে জ্যামাইকাকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সেবাস্তিয়ান দেসাব্রের শিষ্যরা।সাম্প্রতিক সময়ে আফ্রিকান দলটি বেশ সংগঠিত ফুটবল উপহার দিচ্ছে। আফ্রিকা কাপ অব নেশনসের নকআউট পর্বে খেলা কঙ্গো তাদের শেষ চার ম্যাচের দুটিতে জয় পেয়েছে। জুন মাসের শুরুতে শক্তিশালী ডেনমার্ককে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছে তারা।গ্রুপ ‘কে’-এর অন্য দুই দল কলম্বিয়া ও উজবেকিস্তান। বর্ধিত ৪৮ দলের বিশ্বকাপে তৃতীয় স্থানধারী সেরা দলগুলোরও নকআউট পর্বে ওঠার সুযোগ থাকায় কঙ্গোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সেই লক্ষ্য পূরণে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পর্তুগালের বিপক্ষে কঠিন পরীক্ষায় টিকে থাকা।বিশ্বমানের আক্রমণভাগ নিয়ে মাঠে নামা পর্তুগালের সামনে কঙ্গোর রক্ষণভাগ কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের প্রধান আগ্রহের বিষয়।