দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ (Mathematics Laboratory) চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতভিত্তিক দক্ষতা বৃদ্ধি, যৌক্তিক চিন্তাশক্তি বিকাশ এবং সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তোলাই মূল লক্ষ্য।আজ বৃহস্পতিবার রাজধানীর সাঁতারকুলে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুতগতিতে প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় দক্ষ করে গড়ে তুলতে হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবেই ‘ম্যাথ ল্যাব’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের গণিত শেখার প্রতি আগ্রহ বাড়বে এবং বিষয়টি আরও সহজ ও উপভোগ্য হয়ে উঠবে।তিনি উল্লেখ করেন, সরকারের শিক্ষা-ভিশন ও নির্বাচনী ইশতেহারের লক্ষ্য অনুযায়ী এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারবে।মতবিনিময় সভায় তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করে তুলবে। একইসঙ্গে এটি একটি স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।