সিরাজগঞ্জে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি: ২ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
শাহিন রেজা, মাল্টিমিডিয়া ইনচার্জ||
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, সকাল ৯:২০ সময়
সিরাজগঞ্জ শহরের বড় বাজারে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ বৃহস্পতিবার (১৮ জুন) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে বড় বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিগারেট বিক্রি করার প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই দুই দোকানিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ডিডিপি)-এর নির্বাহী পরিচালক ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল রানা।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে সাধারণ ভোক্তাদের ঠকাচ্ছেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আজকের এই অভিযান। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।অভিযান চলাকালে বাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।