বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।গত ৯ জুন রাতে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় বাদল মোড়ল নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও সব আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বারুইপাড়া ইউনিয়নের বিভিন্ন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্থানীয় সূত্র জানায়, অবরোধ চলাকালে এলাকায় দোকানপাটের অধিকাংশই বন্ধ ছিল। তবে অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী পরিবহন ও কাঁচামালবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা হয়।আন্দোলনকারীদের দাবি, পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করলেও মূল হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক রেজা শেখ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আল কায়েসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এদিকে আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের দ্রুত সুস্থতা এবং নিহত বাদল মোড়লের আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।৫ নং বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক বলেন, হত্যাকাণ্ডের ছয় দিন পার হলেও সব আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত, সব আসামির গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।