জাতীয় সংসদে প্রবেশ, প্রস্থান কিংবা আসন গ্রহণ ও ত্যাগের সময় স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করতে পারবেন বলে রুলিং দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে রুলিং প্রদান করেন তিনি।স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ নম্বর বিধি অনুযায়ী সংসদে প্রবেশ, প্রস্থান এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সদস্যদের সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের বিধান রয়েছে। তবে এ বিধিতে ‘মাথা ঝুঁকিয়ে’ সম্মান জানানোর কোনো বাধ্যবাধকতা নেই।তিনি জানান, অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি সংশোধনের সময় ‘ঝুঁকিয়া’ শব্দটি বিধি থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি যাচাই করে দেখা গেছে যে, কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সংসদে সংশোধনী গৃহীত হয়েছিল।রুলিংয়ে স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি অপসারণ করা হয়েছে, তাই সদস্যরা তাদের নিজ নিজ ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।প্রসঙ্গত, গত ১৬ জুন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি নিয়ে আপত্তি তোলেন। তিনি দাবি করেন, এ ধরনের রীতি ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং তা শিরকের নিকটবর্তী বলে বিবেচিত হতে পারে। এরপর বিষয়টি কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন স্পিকার।তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্পিকার এ রুলিং প্রদান করেন।