হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৫৪ বাংলাদেশির
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময়
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ কার্যক্রম চলাকালে ও পরবর্তী সময়ে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন।এদিকে সৌদি আরবে মারা যাওয়া ৫৪ বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় সর্বাধিক ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি আরবে পরিচালিত বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে গমন করেন।হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে। আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।