ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা, নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
মোঃ আল আমিন হোসেন, বার্তা সম্পাদক||
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, দুপুর ১১:৩৬ সময়
নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুকুরে পানি সেচের জন্য ব্যবহৃত মোটরের বিদ্যুতের তারে স্পর্শ করার পর ছেলেকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারান মা। শুক্রবার (১৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— একই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তাদের ছেলে রাহুল ঘোষ (৮)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলাল চন্দ্র ঘোষসহ একাধিক মালিকানাধীন একটি পুকুর থেকে মোটরের মাধ্যমে পানি সেচ করা হচ্ছিল। এ সময় রাহুল অসাবধানতাবশত বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান তার মা অঞ্জনা রানী ঘোষ। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।