উল্লাপাড়ায় বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় ৫২টি টিউবওয়েল বিতরণ, দরিদ্র পরিবারে স্বস্তিসিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ৫২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলার এবিসি মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে, যার আওতায় স্থানীয় উপকারভোগীদের হাতে টিউবওয়েল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার মো. আবুল কায়েস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো অনেক মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়।তিনি আরও বলেন, বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। এর অভাবে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এ কারণে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে দরিদ্র মানুষের পাশে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. নজরুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমীর মো. রাশেদুল ইসলাম (শহীদ), পৌর জামায়াতের আমীর আব্দুল করিম এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, টিউবওয়েল বিতরণের এ উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।