রানের পাহাড় টপকাতে গিয়ে শেষ ওভারে হোঁচট, সিরিজ হারাল বাংলাদেশ
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, দুপুর ৪:২২ সময়
জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ দিতে পারল না বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে স্বাগতিকরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল। তবে শেষ দিকে ব্যাটিং বিপর্যয় ও সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ রানের ব্যবধানে পরাজিত হয়ে তিন ম্যাচের সিরিজও খুইয়েছে টাইগাররা।শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই সফরকারীদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা। জশ ইংলিসকে দ্রুত ফেরান নাসুম আহমেদ। এরপর গতি তারকা নাহিদ রানার বলে আউট হন ইনফর্ম কুপার কনোলি। ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া।সেই চাপ আরও বাড়ান মোস্তাফিজুর রহমান। অধিনায়ক মিচেল মার্শ ২০ রান করে ফিরলে ৭ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫১/৩। তবে এরপরই ম্যাচের চিত্র বদলে দেন ম্যাট রেনশ ও টিম ডেভিড। চতুর্থ উইকেট জুটিতে তারা দ্রুত রান তুলতে থাকেন।টিম ডেভিড ২৫ বলে ৪৫ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান রেনশ। রিশাদ হোসেনের এক ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল একাধিক চার ও ছক্কার মার। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ২ উইকেট শিকার করেন।১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। তানজিদ হাসান ও সাইফ হাসানের উদ্বোধনী জুটিতে মাত্র দুই ওভারেই আসে ৩৩ রান। তানজিদ ১৫ বলে ৩০ রান করে আউট হলেও রান তোলার গতি বজায় থাকে। সৌম্য সরকার ১৫ রান করে ফিরে গেলেও সাইফ হাসান ও পারভেজ ইমন দলের স্কোর এগিয়ে নিতে থাকেন।১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২২ রান। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৮ বলে ৭৫ রান, হাতে ছিল আট উইকেট। সাইফ ও পারভেজের জুটি দলকে শক্ত অবস্থানে নিয়ে গেলেও পারভেজ ইমন ৩৬ রান করে বিদায় নেওয়ার পর ছন্দ হারাতে শুরু করে বাংলাদেশ। এরপর ৪২ রান করা সাইফ হাসানের আউট দলকে আরও চাপে ফেলে।শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৪ রান। উইকেটে ছিলেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। কিন্তু ১৭তম ওভারে মাত্র ২ রান আসে এবং শামীমের উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে চলে যায়।শেষদিকে তাওহিদ হৃদয়ের চেষ্টা সত্ত্বেও লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে ৭ রানের জয় নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।