সিরাজগঞ্জে পরিবেশ দূষণে কারখানায় অভিযান, মালিককে ৪০ হাজার টাকা জরিমানা
এইচএম মোকাদ্দেস, নির্বাহী সম্পাদক||
প্রকাশিত: ২১ জুন ২০২৬, দুপুর ৩:২১ সময়
সিরাজগঞ্জ সদরের শিয়ালকোলায় পরিবেশ দূষণের অভিযোগে একটি কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন।রোববার (২১ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। অভিযানে শিয়ালকোল এলাকায় অবস্থিত ‘রূপা কটেজ ইন্ডাস্ট্রিজ’-এর বিরুদ্ধে পরিবেশ দূষণের সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।অভিযান চলাকালে কারখানাটির মালিককে তাৎক্ষণিকভাবে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে পরিবেশ দূষণ সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার অনিয়ম ও পরিবেশবিধি লঙ্ঘনের কারণে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং কোনো শিল্পপ্রতিষ্ঠান পরিবেশ দূষণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।