সিরাজগঞ্জে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে পরিচালিত 'বিশেষ কার্যক্রম কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)' কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি কার্যকর সাক্ষরতা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. রোজিনা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বিশ্বজিৎ কুমার সাহা।কোর্স পরিচালনাকারী দুটি প্রতিষ্ঠানের মধ্যে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম এবং ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হাজী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গবেষণা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রশিক্ষক এবং দুটি প্রতিষ্ঠানের মোট ৭৮ জন প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করায় অভিনন্দন জানানো হয় এবং অর্জিত দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।