২০২৭ সালের হজে যেতে চাইলে এখনই প্রাক-নিবন্ধন, ২৬ সেপ্টেম্বর শেষ সময়
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, দুপুর ১১:৩৭ সময়
২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরব সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না হলে পরবর্তী হজ-সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই হজে আগ্রহী সবাইকে দ্রুত প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তাঁর হাতে বাংলাদেশের জন্য হজ রোডম্যাপ তুলে দেন।ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজযাত্রী বহনকারী ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে।চাঁদ দেখা সাপেক্ষে, ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।