দামেস্কে ক্যাফেতে ভয়াবহ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৫, আহত ১৬
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, দুপুর ২:১৪ সময়
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ব্যস্ত ক্যাফেতে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সংঘটিত এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এবং সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার বরাত দিয়ে জানা যায়, রাজধানীর আল-নাসর সড়কে বিচার প্রাসাদ (জাস্টিস প্যালেস) সংলগ্ন একটি ক্যাফের ভেতরে আগে থেকেই বিস্ফোরক রাখা ছিল। পরে সেটির বিস্ফোরণে প্রাণহানি ও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা পাঁচ এবং আহতের সংখ্যা ১৬ জন বলে নিশ্চিত করেছে।এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি।দামেস্কে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম আলোচিত বোমা হামলার ঘটনা। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।