কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৩৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে গাছের চারা, জৈবসার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।শনিবার (৪ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুকান্ত ধর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ।কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক-কৃষাণীকে ফলজ ও বনজ মিলিয়ে পাঁচটি গাছের চারা, পাঁচটি বাঁশের খুঁটি এবং প্রয়োজনীয় পরিমাণ জৈবসার প্রদান করা হয়। এ কর্মসূচির লক্ষ্য কৃষকদের বাগান স্থাপনে উৎসাহিত করা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মো. আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।