রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি’। সংগঠনটির নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।রোববার (৫ জুলাই) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট এবং স্টেডিয়াম মার্কেটের বিপুলসংখ্যক ব্যবসায়ী, দোকানকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় গুলিস্তান জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।শ্রমিক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী ও মহানগর দক্ষিণ জামায়াতের নেতা শাহীন আহমেদ খান, আহসান হাবীব, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, মাওলানা শরিফুল ইসলাম এবং মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য নেতারা।বক্তারা অভিযোগ করেন, গুলিস্তানের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়ে আসছেন। এ অবস্থার প্রতিবাদে শনিবার বিকেলে একটি শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতিকালে দুর্বৃত্তরা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। হামলায় ব্যবসায়ী কবির হোসেনসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তারা দাবি করেন।তাদের অভিযোগ, ঘটনার পরও হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে। তারা অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানান।সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুস সালাম বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান হতে পারে না। অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, তাদের অপরাধই বিচার বিবেচনার ভিত্তি হওয়া উচিত। তিনি প্রশাসনের প্রতি দল-মত নির্বিশেষে সব সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা জরুরি।