বন্যার থাবায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, দুপুর ১০:৪৭ সময়
বন্যা পরিস্থিতির অবনতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টি, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে বোর্ডের আওতাধীন সব জেলার শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড–২৭৫) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ড জানিয়েছে।এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে অনেক এলাকায় অনলাইনে তথ্য পৌঁছানো সম্ভব না হওয়ায় সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, একই কারণে গত বুধবারও চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট এলাকার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।